ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সার্চ কমিটিকে কোনো নাম প্রস্তাব করবে না বিএনপি : মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগে গঠিত সার্চ কমিটিকে বিএনপির পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব করা হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন নাটোরের গুরুদাসপুর উপজেলা সভাপতি আব্দুল আজিজ দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।


মির্জা ফখরুল বলেন, সার্চ কমিটিতে যারা রয়েছেন তারা প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সার্চ কমিটি লোক দেখানো, এতে কোনো নাম প্রস্তাব করবে না বিএনপি। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনও জনগণ হতে দেবে না। নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে।


সার্চ কমিটির প্রতি বিএনপির কোনো আগ্রহ নেই উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে আরেকটি হুদা কমিশন করার জন্যই সার্চ কমিটি কাজ করছে। তাই সার্চ কমিটি নিয়ে কোনো আগ্রহ বা প্রত্যাশাও নেই বিএনপির।


এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খানসহ নাটোর বিএনপি নেতারা।

ads
ads
ads

Our Facebook Page

↑